কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ আন্তঃজেলা নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পইয়াপাথর এলাকার এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই তৌকিক হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং ফাহিমা আক্তার (১৯)।
ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যমতে নারী চোর চক্রের সন্ধান পায় ডিবি।
এতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পইয়াপাথর এলাকার হাজী ডাক্তার বাড়ির একটি টিনশেড ভাড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চোর চক্রের ওই পাঁচ নারী সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১৩টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন এবং চোরাই স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
ডিবির এসআই তৌকিক হোসেন বলেন, গ্রেফতারকৃত নারীরা আন্তঃজেলা নারী চোর চক্রের সদস্য। তারা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
