আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের নলডাঙ্গায় উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা (৪৮) অন্য দিনের মতোই সোমবার ভোর রাতে দিচ্ছিলেন ফজরের আজান। অজ্ঞাত ঘাতকের ধারালো ছুরি থামিয়ে দিয়েছে মুয়াজ্জিনের কণ্ঠের সেই আজানের ধ্বনী।
হঠাৎ থেমে যায় মাইকে আজানের শব্দ। মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন রক্তাক্ত মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা। আজানের মাঝখানে মাইক বন্ধ আর কোন সাড়া শব্দ না পাওয়ায় মুসল্লিরা মসজিদে ছুটে আসেন। এসে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা পড়ে কাতরাচ্ছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুসল্লি ও স্বজনেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। আহত মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা চর বাঙালপাড়া এলাকার শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় মুসল্লি আব্দুর রহমান জানান, ভোরে সৈয়দ আলী মৃধা মসজিদের মাইকে আজান দিচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ আজান বন্ধ হয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা মসজিদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ধারালো ছুরি দিয়ে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেছেন, ঠিক কেন কে বা কারা মসজিদে ঢুকে এমন নির্মমতা দেখালো বুঝা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান সোমবার বিকেলে যুগান্তরকে বলেছেন, ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করতে থানায় এসেছে। মামলা দায়ের হলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
