চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ
Advertisement
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনার সালিশে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ মন্ডলকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল শেখের বিরুদ্ধে। এ সময় ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা ও চেয়ার ভাঙচুর করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী চেয়ারম্যান।
অভিযুক্ত জামাল শেখ গোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং আস্তিকপাড়া গ্রামের কাজিমউদ্দিন শেখের ছেলে। ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল নেতা জামাল আস্তিকপাড়া গ্রামের মজনু মন্ডল লালু নামে এক যুবকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে গত সোমবার (৫ অক্টোবর) লালুকে রাজাপুর বাজারে নিজের অফিসে আটকে মারধর করেন জামাল। এ ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে সালিশ বৈঠক বসে। সালিশে যুবদল নেতা জামালের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রায় না মেনে জামাল হোসেন, তার ভাতিজা জিসান আহমেদসহ কয়েকজন যুবক চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে।
তবে জামাল শেখ দাবি করেছেন, চেয়ারম্যানই আমাকে ডেকে নিয়ে গিয়ে লোকজন দিয়ে মারপিট করিয়েছে। আর চাঁদা দাবির অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-6ac615860a3c2.jpg)