ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যাশিশুর সার্বিক দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
শিশুটির সুচিকিৎসা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি তার নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি ঝোপে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম। শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে তিনি তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি দ্রুত কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে ইউএনও মো. উমর ফারুক তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে শিশুটি পুরোপুরি শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।
ইউএনও মো. উমর ফারুক বলেন, উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা ও পরিচর্যার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের প্রচলিত আইন ও শিশুকল্যাণ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, শিশুটির প্রকৃত বাবা-মাকে শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে হাসপাতালে নবজাতকটিকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকেই ফুটফুটে শিশুটির দায়িত্ব বা দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রশাসন জানিয়েছে, প্রচলিত সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শিশুটির ভবিষ্যৎ অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নবজাতকটিকে উদ্ধার ও চিকিৎসাসেবায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলিজ্জামান এবং কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।
