জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদলের আহ্বায়ক খোকা ও ভাতিজা গ্রেফতার
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে মোকারম হোসেন খোকা এবং নেত্রকোনা থেকে তার ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোকারম হোসেন খোকা মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। তার ভাতিজা রিয়াদ হোসেন একই গ্রামের রান্নু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে মোকারম হোসেন খোকা আত্মগোপনে ছিলেন।
পুলিশ মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনে প্রবেশের সময় হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। অভিযোগ, আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, কিরিচ, কুড়াল ও রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হামলার পর পুলিশ বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধারামপুর গ্রামের মহিন উদ্দিন ও একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহীন আলম নামে তিন ঘাতককে আটক।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোাাালাল মোকারম হোসেন খোকার নাম উল্লেখ করেন। এরপর থেকে মোকারম আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের রাতেই হেলালকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন অন্য আসামিদের মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলমকে গ্রেফতার করা হয়।
এর আগে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সর্বশেষ মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ বলেন, ‘বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় অভিযান চালিয়ে মোকারম হোসেন খোকা ও তার ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'
