মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম
বহিষ্কার আব্দুল বারী আকন্দ হিরা।
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান।
জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার শওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালায় মদন থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হিরাসহ চারজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মঙ্গলবার তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সিদ্ধান্তক্রমে আব্দুল বারী আকন্দ হিরাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (শান্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জানানো হয়।
মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

-6ace61312d31e.jpg)