মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা
Advertisement
নূর ইসলাম রকি, খুলনা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা
|
ফলো করুন |
|
|---|---|
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে খুলনার এক পূজামণ্ডপে মাটির প্রতিমার চিরায়ত রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী দেবী দুর্গা।
নগরীর ঐতিহাসিক বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজামণ্ডপে ৩০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে গড়া এই শৈল্পিক প্রতিমা দেখতে পূজা শুরুর আগেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক দর্শনার্থীরা।
৪৪ বছরের পুরোনো এই মন্দিরে এবারই প্রথম এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চারজন দক্ষ ভাস্কর টানা দেড় মাসের দীর্ঘ পরিশ্রমে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছেন। খুলনা জেলায় ধানের প্রতিমা তৈরির এমন শৈল্পিক আয়োজন এটিই প্রথম।
পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই এ খবর ছড়িয়ে পড়ায় খুলনা মহানগর ছাড়াও কয়রা, পাইকগাছা এবং পার্শ্ববর্তী সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে।
মণ্ডপে আসা দর্শনার্থীরা জানান, এর আগে কখনো ধানের তৈরি প্রতিমা তারা দেখেননি। সামনাসামনি এই ব্যতিক্রমী রূপ দেখে তাদের ভীষণ ভালো লাগছে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর অনেক আগেই দর্শনার্থীদের এমন উপস্থিতি পুরো এলাকায় এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি করেছে।
মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন রায় যুগান্তরকে বলেন, ৪৪ বছরের পুরোনো মন্দিরে এবারই আমরা প্রথম এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। দর্শনার্থীদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু উপহার দেওয়ার ভাবনা থেকেই ধানের প্রতিমা তৈরির এ উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা জেলায় এমন উদ্যোগ এবারই প্রথম।
তিনি আরও জানান, তাদের মন্দির প্রাঙ্গণে প্রায় ২০০ বছর পুরোনো একটি ঐতিহাসিক তেঁতুলগাছ রয়েছে, যার নামানুসারে এটি স্থানীয়দের কাছে তেঁতুলতলা মন্দির হিসেবে পরিচিত। প্রায় ৩০ কেজি চিনিগুঁড়া চালের ধান ব্যবহার করে চারজন ভাস্কর প্রায় দেড় মাস ধরে নিপুণ দক্ষতায় দেবী দুর্গা গড়ে তুলেছেন। এই অভিনব আয়োজন দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন, যা আয়োজকদের আনন্দ ও উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
