তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর তানোর উপজেলার কলমা ও পাঁচন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে এসব ঝটিকা মিছিল বের করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে রাতেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। আকস্মিক এসব মিছিলের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কয়েক মিনিট স্থায়ী এসব ঝটিকা মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেন।
রাতের অন্ধকারে হঠাৎ বের হওয়া পৃথক দুটি মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়েক মিনিটের মধ্যে শেষ হয় এবং এর পরপরই অংশগ্রহণকারীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
