খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে লবলং খালে মরা মুরগি ফেলার সময় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পিকআপ থেকে খালে মরা মুরগি ফেলা হচ্ছে। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার পথে দৃশ্যটি নজরে এলে নিজের গাড়িবহর থামান এমপি বাচ্চু। পরে ঘটনাস্থলে গিয়ে মরা মুরগি ফেলার কাজে জড়িতদের আটক করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকার নদী, খাল ও জলাশয়ে একটি চক্র গোপনে মরা মুরগি ও বর্জ্য ফেলে আসছিল। এতে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছিল বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার নিয়মিত কর্মসূচিতে যাওয়ার পথে লবলং খালসংলগ্ন এলাকায় মরা মুরগি ফেলার দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন সংসদ সদস্য। স্থানীয়দের সহযোগিতায় জড়িতদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন তিনি।
এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন মহল খাল ও জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান যুগান্তরকে জানান, এমপির নির্দেশে আটক পিকআপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এলাকার পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
