দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৩টি পরিবারের মাঝে ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা সড়ক নিরাপত্তা কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।
এর আগে কমিটির সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সহায়তার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের এখন থেকে নিয়মিতভাবে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সভা সূত্রে জানা যায়, প্রতি মাসে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতেও সড়ক দুর্ঘটনায় কয়েকশ মানুষ আহত ও নিহত হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ও আহত পরিবারগুলি আর্থিকসহ নানাবিধ সঙ্কটে পড়েন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলি অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়ছেন। এক্ষেত্রে সরকার পরিবারগুলির সহায়তায় এগিয়ে এসেছেন। পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যথাযথ নথিপত্র ও প্রমাণসহ জেলা প্রশাসনের কাছে আবেদন করতে পারেন। জেলা প্রশাসন যাচাই বাছাই শেষে ক্ষতির মাত্রা নিরূপণ সাপেক্ষে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দিবে।
জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
