জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
Advertisement
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ তমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে জনির সঙ্গে বিয়ে হয় লাহিড়ীকান্দা গ্রামের হামিদুর রহমানের কন্যা তমা খাতুনের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন করত তমা খাতুনকে। ২০১৫ সালের ১৯ মার্চ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার পর তমা খাতুনের লাশ ঘরের ধন্নার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে জনির পরিবার। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ পায় পুলিশ। এ ঘটনায় নিহতের মা কুলছুম বেগম বাদী হয়ে ২০১৫ সালের ৬ এপ্রিল হত্যা মামলা দায়ের করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে স্বামী জনিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে আসামি জনিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার অপর দুই আসামি ইয়াকুব ও ময়নাকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জনি বর্তমানে পলাতক রয়েছেন।
