এমপি আজিজের ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
Advertisement
নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুসহ তার স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে দেওয়া সারের ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি উঠেছে।
এ দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কয়েকজন সার ডিলার ও গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।
অভিযোগকারীদের দাবি- রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যোগ্যতা উপেক্ষা করে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বিকালে জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া লিখিত অভিযোগে বলা হয়- ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে।
সংসদ সদস্য আব্দুল আজিজের চাহিদাপত্র (ডিও লেটার) এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে- ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া সংসদ সদস্যের ভাগ্নের স্ত্রী রাজিয়া বেগমের মালিকানাধীন রাজ বিজনেস সেন্টার এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রা ভাইসহ ঘনিষ্ঠজনদেরও সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
নির্দোষ দাবি সন্দেহভাজনের: শাকিল হত্যা মামলার সন্দেহভাজন ব্যক্তি ইরফান নিয়াজ ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাত মিনিট সাত সেকেন্ডের বক্তব্যে তিনি এ দাবি করেন।
