প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার
Advertisement
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রেমের সম্পর্কে বিয়ের পর পারিবারিক চাপে বিচ্ছেদ। এর ২০ থেকে ২৫ দিনের মাথায় মাত্র ৮ থেকে ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক জায়গা থেকে সাবেক এ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের আটবাড়ি গ্রামে নিজ ঘরের বারান্দা থেকে মো. সাকিব মিয়ার (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে তার সাবেক স্ত্রী মুক্তা আক্তার (১৯) মৃত্যু হয়।
জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার আটবাড়ি গ্রামের সাকিব মিয়া বিবাহিত হওয়া সত্ত্বেও তার মামাতো বোন গাজীপুরের শ্রীপুরে কর্মরত মুক্তা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে ওই ঘটনা জেনে অপর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। আর এর জেরেই সাকিব মিয়া স্ত্রী মুক্তাকে প্রায় ২৫ দিন আগে তালাক দেন। আর এরই পরিপ্রেক্ষিতে মুক্তা আক্তার সোমবার (২ নভেম্বর) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে ওই খবর মোহনগঞ্জে পৌঁছালে স্বামী সাকিব মিয়াও গলায় ফাঁস দিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) আত্মহত্যা করেন। সাকিব মিয়া আটবাড়ি গ্রামের সুনো মিয়ার ছেলে।
আরও জানা গেছে, মুক্তার বাবা বাবুল মিয়া শ্রীপুর পুলিশকে না জানিয়ে তার মেয়ের লাশ ফাগুয়া গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখানে দাফনের প্রস্তুতিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল বলেন, দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
