চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আত্মসমর্পণকারী চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
এসআরবি-১২ সংবাদ সম্মেলনে জানায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে এসআরবি।

