সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন
Advertisement
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যমুনা উপজেলা গঠন ও ভেটুয়া ব্রিজ নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ আহমেদের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আফসার উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোন্নাফ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য শাহীনুল ইসলাম শাহীন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজিপুরের যমুনার পূর্বাঞ্চলীয় চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সেবা নিশ্চিত করতে যমুনা উপজেলা গঠন এবং ভেটুয়া ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এখনো কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
বক্তারা আরও বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত যমুনা উপজেলা ঘোষণা ও ভেটুয়া ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা যমুনা উপজেলা গঠন ও ভেটুয়া ব্রিজ নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

-6ae8943e50381.jpg)