Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

জয়পুরহাটের ডিসির ক্ষমা প্রার্থনা, চুয়াডাঙ্গায় অনুষ্ঠান বর্জন বিএনপির

Icon

জয়পুরহাট ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

Advertisement

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করায় হট্টগোলের ঘটনা ঘটেছে। 

ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এদিকে, চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির নেতাকর্মীরা জানান, নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে আসেন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ সময় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি প্রতিমন্ত্রীকে জানান নেতাকর্মীরা। এ কারণে প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেননি। পরে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা মঞ্চে এসে ব্যানার নামিয়ে জিয়াউর রহমানের ছবি-সংবলিত একটি পোস্টার স্কচটেপ দিয়ে সাঁটিয়ে দেন। এরপর প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন। এতে প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়। বিষয়টি নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সভার ব্যানার জেলা প্রশাসক আল-মামুন নিজেই নির্ধারণ করেছিলেন। এ বিষয়ে অন্যরা আগে থেকে অবগত ছিলেন না। ব্যানার টাঙানোর পর তারা বিষয়টি দেখতে পান।

এদিকে, সভা শুরুর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান। বক্তব্যের একপর্যায়ে তিনি একাধিকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে সভাস্থলে হট্টগোল শুরু হয়। 

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান। একপর্যায়ে মারুফ হাসানকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আবার আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রতিমন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ১৯ বছর পর তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারেই তাঁর ছবি ছিল না। এ ঘটনায় দলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।

ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া। তিনি অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। 

বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব ও জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা জগলুল আলম প্রমুখ।

এদিকে, চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি বর্জন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মঞ্চে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

শনিবার বেলা সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ডিসি সাহিত্য মঞ্চে এ প্রতিবাদ জানান বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখার বিষয়টি নিয়ে আপত্তি তোলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, যে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এ দিবস পালিত হয়, সেই বিপ্লবের সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। অথচ অনুষ্ঠানের ব্যানারে তার ছবি না রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপনায় সাংস্কৃতিক লীগের এক নেতার সম্পৃক্ততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

সীমান্তের মাঠে বিশাল আকৃতির রাসেল ভাইপার

সীমান্তের মাঠে বিশাল আকৃতির রাসেল ভাইপার

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

প্রশ্ন ফাঁসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অফিস সহায়ক তুলতেন অপারেটরের বেতন

আরও পড়ুন

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম