হুইপ জি কে গউছ
ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
হবিগঞ্জে জাতীয় সমবায় দিবসে উপস্থিত জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। দেশপ্রেম ইমানের অঙ্গ। প্রতিটি মানুষ নিজের দেশকে ভালোবাসে। আমরা একটি দেশে বাস করি। নিজের শোয়ার কক্ষকে যতটা নিরাপদ মনে করি, দেশকেও ততটা নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি পরিবারকে, সমাজকে ভালো রাখতে চাই, তাহলে দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।
হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ এ স্লোগান দেওয়া একজন রাষ্ট্রনায়কের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তারপরও তিনি দেশপ্রেমকে আলিঙ্গন করেছেন, ধারণ করেছেন। সেজন্যই সত্য কথাগুলো অবলীলায় বলে যাচ্ছেন। এটি আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা দেশকে ভালোবাসব। রাজনীতি থাকবেই। ভিন্ন মত, ভিন্ন পথ—আমরা একসঙ্গে চলব। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। মাঝে মাঝে কিছু দুষ্ট লোক দুষ্টুমি করবে। কিন্তু জনগণ ঠিকই আবার বুঝতে পারবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখনই কেউ সীমালঙ্ঘন করেছে, তখনই মানুষ সম্মিলিতভাবে তাদের প্রতিহত করেছে। এখান থেকে আমাদের শিখতে হবে।
সমবায়ী সজীব চন্দ্র গোপের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সমবায়ী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, মো. নূর ইসলাম, মো. খেলু মিয়াসহ অনেকে।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’।

-6af0ac9511c61.jpg)