ঋণ করে কেনা ৫ গরুই চুরি, ঋণের বোঝায় দিশেহারা জাকির
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
এক রাতেই সব গরু চুরি হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক রাতেই একটি খামারের পাঁচটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে গরু কিনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন খামারি জাকির হোসেন পাটোয়ারী। গরুর দুধ বিক্রির আয় দিয়ে চলত তার সংসার। কিন্তু এক রাতেই সব গরু চুরি হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে পাঁচটি গরু কিনে খামার গড়ে তোলেন জাকির হোসেন। গরুর দুধ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ধীরে ধীরে ঋণ পরিশোধ করে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা ছিল তার। তবে দুর্বৃত্তরা এক রাতেই খামারের সব গরু চুরি করে নিয়ে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে গেছে।
জাকির হোসেন জানান, ঘটনার দিন রাত দেড়টার দিকেও তিনি খামারে গিয়ে গরুগুলোকে ঘুমন্ত অবস্থায় দেখেছেন। পরে খামারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন, তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। রাতের আঁধারে দুর্বৃত্তরা পাঁচটি গরুই চুরি করে নিয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে পাঁচটি গরু কিনেছিলাম। এখনো ঋণের টাকাই পরিশোধ করতে পারিনি। গরুর দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চলত। এখন আমার সব শেষ। কীভাবে ঋণ পরিশোধ করব, কীভাবে পরিবার নিয়ে চলব, কিছুই বুঝতে পারছি না। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় অন্য খামারিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের চুরি অব্যাহত থাকলে গবাদিপশু পালন ও খামার পরিচালনায় অনেকেই নিরুৎসাহিত হবেন। স্থানীয়রা দ্রুত গরুগুলো উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গরু চুরির ঘটনায় খামারি থানায় অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া গরু উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-6af1e8cad22eb.jpg)