Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গম জনপদে উচ্চশিক্ষার স্বপ্ন, ডেপুটি স্পিকারের উদ্যোগে বিদ্যালয় হচ্ছে কলেজ

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

দুর্গম জনপদে উচ্চশিক্ষার স্বপ্ন, ডেপুটি স্পিকারের উদ্যোগে বিদ্যালয় হচ্ছে কলেজ

দুর্গম জনপদে উচ্চশিক্ষার স্বপ্ন, ডেপুটি স্পিকারের উদ্যোগে বিদ্যালয় হচ্ছে কলেজ

Advertisement

দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দেওয়ার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে দুর্গাপুরের গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দেওয়ার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর জন্য ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর পাঠানো এক চিঠিতে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো আবেদনে ডেপুটি স্পিকার তার নির্বাচনি এলাকার দুর্গম জনপদের শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের প্রতিবন্ধকতা এবং একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, নেত্রকোনা-১ আসনের দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ জনপদটি শিক্ষা-দীক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলিত। সেখানে মানসম্মত উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থীর শিক্ষাজীবন অকালেই থমকে যাচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা অর্জনের পথ কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপুর উপজেলার ৫ নম্বর বাকলজোড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী গুজিরকোনা উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় আট দশক ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। বিদ্যালয়টির ভৌত অবকাঠামো, সুবিশাল ক্যাম্পাস এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম চালুর জন্য সম্পূর্ণ উপযোগী।

নারীশিক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আবেদনে বলা হয়, দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অসুবিধা এবং পারিবারিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবনে ছেদ পড়ছে এবং পিছিয়ে পড়ছে পুরো জনপদের শিক্ষার অগ্রগতি। এমন বাস্তবতায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হলে দরিদ্র ও নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ সহজ হবে এবং ঝরে পড়া রোধ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন প্রতিবেদন চাওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়টি কলেজে রূপান্তরের পথে প্রাথমিক প্রশাসনিক অগ্রগতি তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন, প্রতিবেদন ও পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা- এ উদ্যোগ সফল হলে দুর্গম জনপদের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম