বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
বানারীপাড়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বানারীপাড়ায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাই সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় ড্রামার ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন। তবে এই ৩২ শতক জমির ভাগবাঁটোয়ারা নিয়ে মোরশেদ আলম দিলির মোল্লার বড় ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে তার ছোট ভাই শিশির বাবুর বিরোধ সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিরোধের জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। ধস্তাধস্তির সময় শিশির বাবু মাটিতে পড়ে গেলে বড় ভাই বিপুল মোল্লা তার বুকের ওপর উঠে লাফালাফি করেন। নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুতর আহত অবস্থায় শিশির বাবুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশির বাবুর স্ত্রী লিজা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেছেন এবং মাটিতে পড়ে যাওয়ার পর বুকের ওপর উঠে লাফালাফি করেন। এমনকি গুরুতর আহত অবস্থায় শিশির বাবুকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিতেও বাধা দেন বিপুল।
একমাত্র শিশুকন্যাকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়ে লিজা বেগম বলেন, ‘আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জহিরুল আলম বিপুল মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
