অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় রোকন সরদার (৩৫) ও তাজেল সরদারকে (২৭) তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে (২০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে। রুহুল আমিনের বাবার নাম আব্দুর রশিদ। তিনি সোহেল ফ্রান্সেগাঁও এলাকার বাসিন্দা। রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
