পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে পুরাতন যশোর সড়কে প্রতিবাদ সমাবেশ
|
ফলো করুন |
|
|---|---|
দেশবিরোধী অপশক্তি, ফ্যাসিবাদী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।
পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই উল্লেখ করে তিনি বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিল, একইভাবে দেশপ্রেমিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা প্রতিহত করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় নগরীর গোয়ালখালী এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে পুরাতন যশোর সড়কে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপতৎপরতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপাচার্য বলেন, গণহত্যাকারী ও পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে—এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে—এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই ফ্যাসিবাদীদের অবস্থান বাংলাদেশে আর কোনো দিন হবে না।
খুকৃবি সাদা দলের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম এবং সাদা দলের সাধারণ সম্পাদক ড. মো. হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র নয়, বরং মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
