সাংবাদিক গ্রেফতার, পুলিশের দাবি সাবেক এমপির প্রেস সচিব
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাগমারায় শামীম রেজা বিদ্যুৎ (৩৬) নামে একজন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাকে প্রথমে আটক করে পুলিশ। আটকের পর তাকে গত জুলাই মাসে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
শামীম রেজা বিদ্যুৎ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী নামে একটি পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন। তার বাবার নাম মো. সামশুদ্দিন।
তার বাড়ি উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে। বিদ্যুৎ বাগমারা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে বাগমারা থানা পুলিশের দাবি বিদ্যুৎ সাবেক এমপির প্রেস সচিব ছিলেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, শামীম রেজা বিদ্যুতের বিরুদ্ধে সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের সম্পদ ও ব্যবসা বাণিজ্য দেখাশোনা করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকে সংগঠিত করার অভিযোগ রয়েছে। গত ২৪ জুলাই রাতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। এ নাশকতার ঘটনায় তদন্তে শামীম রেজা বিদ্যুতের সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বাগমারা থানার এসআই মো. আবু জাহেদ শেখ বলেন, গ্রেফতার শামীম রেজা বিদ্যুৎ সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে। তিনি এখনো সাবেক এমপির ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন জানিয়ে মঙ্গলবার রাতে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়েছে।
