আতঙ্ক ছড়াতে মালয়েশিয়া থেকে ৫০০ টাকা দেন ছাত্রলীগ নেতা, অতঃপর...
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপ করে পালানোর সময় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপ করে দ্রুত পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় পুলিশের টহল দল ও ছাত্রদল নেতা জিহাদ রহমানসহ কয়েকজন নেতাকর্মী তাদের দেখতে পেয়ে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাদের থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন- মো. লাবিব। তিনি রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তপাদারবাজার এলাকার মৃত শফিউল্লাহর ছেলে। অপর আটক যুবক মো. জাহিদ হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত লাবিব ও জাহিদ বলেন, আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রলীগ নেতা প্রবাসী শাকিল তাদের ৫০০ টাকা দেন। তারা বাজারের মুদি দোকান থেকে চকলেট বোমা কিনে থানার পেছনে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক হন। ‘আমাদের ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই।’
এ বিষয়ে রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রায়পুর পৌর ছাত্রলীগ নেতা মো. শাকিলের নির্দেশনা ও অর্থায়নে লাবিব ও জাহিদ থানার পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বাজি বিস্ফোরণ ঘটান। এ সময় মাঠে অবস্থানরত ছাত্রদলের দুই কর্মী লাবিব ও জাহিদকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
