চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় কিশোর গ্যাং লিডারকে চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে ওই পরিচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এর আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং লিডার ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেছিলেন।
নিহত রেদোয়ান হোসেন রিফাত ওই গ্রামের মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সজিব কিশোর গ্যাং লিডার। তিনি এলাকার আতঙ্ক। এতো অভিযান পরিচালনা করা হয় কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হয় না।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছেন। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ায় সেদিন একদফা মারধরের পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক সজীবকে গ্রেফতারের পুলিশ অভিযান পরিচালনা করছে।
