|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব দিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। পরে রাতে আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শিশু।
আটক ব্যক্তিরা হলেন—নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতে পাঠানো হবে।
