সেনাবাহিনীর যৌথ অভিযানে মানবপাচারকালে নারী ও শিশুসহ ৮ জন জিম্মি উদ্ধার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ এবং আট মাস বয়সি একটি শিশু রয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে উক্ত এলাকায় ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সি ১ শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
