পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি এনামুল হক এনাম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসেও একটি অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩২টি বাক্স খোলা হলে সবটি খালি পাওয়া যায়।
এ বিষয়ে দুপুরে পটিয়া উপজেলায় নিজের পরিদর্শন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, ‘পটিয়াবাসী অভিযোগ দিচ্ছেন না, নাকি শান্তিতে আছেন—তা আমি জানি না।’
জানা গেছে, সরকারি দপ্তরের সেবার মান নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম, দখলবাজি বা চাঁদাবাজির তথ্য জানতে গত অক্টোবরে পটিয়ার প্রতিটি সরকারি কার্যালয়, বড় বাজার ও ইউনিয়ন পরিষদে দুটি করে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি এনামুল হক এনাম। ওই সময় তিনি জানিয়েছিলেন, ভুক্তভোগীরা যেকোনো দপ্তরের অনিয়ম কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখে বাক্সে জমা দিতে পারবেন। একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে এসব অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। স্থানীয়রাও তখন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।
রোববারের সংবাদ সম্মেলনে এমপি এনামুল হক এনাম বলেন, ‘সমস্যা থাকলেও নানা কারণে সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই সাধারণ মানুষের সমস্যার কথা জানতেই এসব বাক্স স্থাপন করেছিলাম। কিন্তু গত এক মাসে একটি অভিযোগও জমা হয়নি। কারও কোনো সমস্যা থাকলে তা জানানোর জন্য প্রয়োজনে আরও প্রচার চালানো হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, সংবাদকর্মী ও সচেতন মহলেরও।’
সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
