মো. শহিদুল ইসলাম শহীদ
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদের (৫৯) মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনসে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলায়।
পুলিশ লাইনস সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতা বোধ করলে ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে পরীক্ষা করিয়ে তিনি ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন।
পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, শনিবার (২১ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে শহিদুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
তার মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। রোববার দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
