পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় জঙ্গিদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর দুই সদস্যও নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। আলী খেল এলাকায় পরিচালিত অভিযানে দুই আফগান নাগরিকসহ ১২ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
এ ছাড়া মির আলী ও দত্তা খেল এলাকায় পৃথক বন্দুকযুদ্ধে দুইজন করে চার সন্ত্রাসী নিহত হয়েছেন। সব মিলিয়ে অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানায়, জঙ্গিদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন হাবিলদার ইসমত আলী ও নায়েক আফতাব আলী। ইসমত আলীর বাড়ি সোয়াবিতে এবং আফতাব আলীর বাড়ি মারদানে।
অভিযান চালানো এলাকাগুলোতে অন্য কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদের হুমকি নির্মূল এবং ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অভিযান পূর্ণ উদ্যমে চলবে বলেও জানিয়েছে আইএসপিআর। সূত্র: সামা টিভি

