হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নিয়োগসংক্রান্ত বিরোধে হাইকোর্ট বিভাগের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চকে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আদেশটির সত্যায়িত অনুলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছায়।
আপিল বিভাগের এ আদেশের পর সোমবার (২৩ নভেম্বর) সহকারী অধ্যাপক হিসেবে নিজ নিজ বিভাগে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির তিন কর্মকর্তা। যোগদানের আগে তারা কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেন।
নতুন যোগ দেওয়া শিক্ষকদের মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার মৃত্তিকা বিজ্ঞান বিভাগে, প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ কৃষিতত্ত্ব বিভাগে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে যোগদান করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগ কার্যক্রমে হাইকোর্ট বিভাগ ২৬ অক্টোবর স্থগিতাদেশ দেন। ওই আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। শুনানি শেষে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত রাখার আদেশ দেন।
নতুন যোগ দেওয়া সহকারী অধ্যাপক ও সদ্য পদত্যাগ করা কর্মকর্তা ড. রাহাত মাহমুদ বলেন, শিক্ষক হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের বঞ্চিত করা হয়েছিল। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে তারা চতুর্থ গ্রেডের কর্মকর্তার চাকরি ছেড়ে ষষ্ঠ গ্রেডের শিক্ষক পদে যোগ দিয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, নিয়োগসংক্রান্ত এ বিষয়ে আদালতের সব নির্দেশনা প্রতিপালন করা হয়েছে।
