যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
যোগদানকারীরা হলেন- উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমানে ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী সাহাব উদ্দিন এবং একই এলাকার মনির আহমদের ছেলে যুবদল কর্মী টিপু সুলতান।
দল পরিবর্তনের বিষয়ে সাহাব উদ্দিন ও টিপু সুলতান বলেন, আমরা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছি। দলের দুঃসময়ে কাজ করেছি। কিন্তু সুসময়ে দল আমাদের খোঁজখবর রাখেনি, মূল্যায়নও করেনি। ইউনিয়ন জামায়াতের আমির আমাদের খোঁজখবর নিয়েছেন। তাই জীবনের এ পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত নিয়েছি।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির কাজী মোহাম্মদ হানিফ যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আল্লাহ তাদের কবুল করুন।’
অন্যদিকে দল পরিবর্তনের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল বলেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধে আমাদের সমর্থন না পাওয়ায় তারা দল পরিবর্তন করেছেন।
