ট্রাক্টরের ধাক্কায় জামায়াত কর্মী নিহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও দলিল লেখক মাইন উদ্দিন (জামায়াত কর্মী) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বিকালে বসুরহাট পৌরসভার সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাইন উদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাইন উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে বসুরহাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঁইয়ারহাট রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন মাইন উদ্দিন। পথে বসুরহাট সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বালুবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান মাইন উদ্দিনসহ চারজন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মাইন উদ্দিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
