মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটকরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি (৩৫০ বস্তা) সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।
অভিযান চলাকালে নদীপথে চলাচলরত একটি সন্দেহজনক কার্গো বোটকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বোটটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত ৯ জনকে হাতেনাতে আটক এবং কার্গো বোটটি জব্দ করা হয়।
আটকরা হলেন—লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. রাশেদ (প্রধান মাঝি), নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইনউদ্দিন বাজার এলাকার মো. হানিফের ছেলে মো. রাশেদ, ফরাজি গ্রামের নুরুল আমীনের ছেলে ফজলুল হক, তমরুদ্দি এলাকার লোকমান হোসেনের ছেলে মো. বাবুল, সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মনির, মো. কামালের ছেলে মো. আফসার উদ্দিন, মো. মোশাররফ হোসেনের ছেলে মো. শেহেনাজ, মো. জসিমের ছেলে মো. রুবেল এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

