শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের
আরিফ সবুজ, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের
|
ফলো করুন |
|
|---|---|
সকালের রোদ চড়তেই যে বয়সে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মাকসুমুল গ্রামের শিশুদের সেই সময় কাটছে মেঠোপথে ঘুরে আর বাজারের আশপাশে খেলে। জনবসতি গড়ে ওঠার তিন দশক পেরিয়ে গেলেও উপকূলীয় এ জনপদে গড়ে ওঠেনি কোনো প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানকার শিশুরা।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চর মাকসুমুল গ্রামটির অবস্থান নদীর তীরবর্তী বেড়িবাঁধের বাইরে। এখানে তিনটি বাজার রয়েছে। বিশেষ করে কামাল বাজারকে কেন্দ্র করে বড় একটি জনবসতি গড়ে উঠেছে। তবে শিক্ষা, সড়ক যোগাযোগ, স্যানিটেশন ও ভূমির নিরাপত্তাসহ ন্যূনতম নাগরিক সুবিধা না থাকায় চরম অবহেলায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামে শিক্ষার হার একেবারেই নগণ্য। হাতেগোনা যে কয়েকজন পড়াশোনার সুযোগ পেয়েছেন, তাদের পাড়ি দিতে হয়েছে দুর্গম ও দীর্ঘপথ। গ্রাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত আক্তার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় অথবা চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসাই তাদের একমাত্র ভরসা।
তিন দশক আগে এই চরে বসতি গড়া বাসিন্দা রাশেদুল হাসান আক্ষেপ করে বলেন, নিজেদের হাড়ভাঙা খাটুনিতে জঙ্গল কেটে বসবাসের উপযোগী করেছি। অথচ ৩০ বছরেও এখানে একটি স্কুল হলো না। এত দূরে সন্তানদের পাঠানো আমাদের জন্য যেমন ব্যয়বহুল, তেমনি অনিরাপদ। আমরা চাই আমাদের সন্তানেরা নিজ গ্রামেই পড়াশোনার সুযোগ পাক।
দূরত্ব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী এখানকার মেয়েশিশুরা। প্রতিদিন ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে পাঠানো অধিকাংশ পরিবারের পক্ষেই অসম্ভব। ফলে প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আর যারা পড়াশোনা চালিয়ে যেতে চায়, তাদের বাধ্য হয়ে নানা-দাদা কিংবা দূরের আত্মীয়ের বাড়িতে থেকে পড়তে হচ্ছে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা।
অন্যদিকে কৃষি ও নদীনির্ভর দরিদ্র পরিবারগুলোর অনেক শিশুই সংসারের হাল ধরতে গিয়ে অকালে ঝরে পড়ছে।
কামাল বাজার এলাকার বাসিন্দা হোসনা বানু বলেন, ছেলেদের তবু কষ্ট করে দূরের স্কুলে পাঠানো যায়, কিন্তু মেয়েদের নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। নিরাপত্তার কথা ভেবে অনেক সময় আত্মীয়ের বাড়িতে রেখে পড়াতে হয়। গ্রামে একটি স্কুল থাকলে আমাদের সন্তানদের এভাবে পরের বাড়িতে থাকতে হতো না।
স্থানীয় যুবক আহসান উল্যাহর মতে, একটি জনপদের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শুরুতেই পিছিয়ে পড়ায় এই গ্রামের নতুন প্রজন্ম ভবিষ্যতেও মূলধারার উন্নয়ন থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে রয়েছে।
শিক্ষার পাশাপাশি নাজুক যোগাযোগব্যবস্থা চর মাকসুমুলের মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। স্থানীয় কৃষক আবুল কালাম জানান, উৎপাদিত ফসল বাজারে নিতে তাদের প্রায় ১০ কিলোমিটার কাঁচা ও ভাঙাচোরা পথ পাড়ি দিতে হয়। ভালো সড়ক না থাকায় কখনো মাথায় করে, কখনোবা অতিরিক্ত ভাড়ায় ফসল পরিবহণ করতে হয়। এতে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
দীর্ঘদিনের এই সংকটের বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার বলেন, চর মাকসুমুলে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। ওই এলাকায় বিদ্যালয়গামী শিশুর সংখ্যা কত এবং বর্তমান পরিস্থিতি কী, তা সরেজমিন যাচাই করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী সেখানে বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা থাকলে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, চর মাকসুমুলের শিক্ষা, যোগাযোগ ও ভূমিসংক্রান্ত সমস্যাগুলোর বিষয়ে দ্রুত খোঁজ নেওয়া হবে। শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে এবং সড়ক সংস্কারের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
