ফলনের মুহূর্তে কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
ফলনের মুহূর্তে কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সুবর্ণচরে মনির আহাম্মদ নামের এক কৃষকের ২০ শতক জমির সব টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার চর জব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৮০ হাজার টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে কয়েক লাখ টাকার ফসল বিক্রির স্বপ্ন ভেঙে গেছে ওই কৃষকের।
এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন এবং চর জব্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক মনির আহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন মনির আহাম্মদ। দীর্ঘদিন শ্রম ও অর্থ ব্যয়ে গাছগুলোর পরিচর্যা করেন তিনি। ইতোমধ্যে গাছে ফুল আসার পাশাপাশি টমেটো ধরতে শুরু করেছিল এবং আর দুই সপ্তাহের মধ্যে ফসল তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। তবে শনিবার বিকালে তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা খেতের সব টমেটো গাছের গোড়া কেটে দেয়। সন্ধ্যায় জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মনির আহাম্মদ আনন্দবাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য। খবর পেয়ে সমিতির সভাপতি মো. বাবুলসহ নেতারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।
মো. বাবুল বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী কৃষক মনির আহাম্মদ জানান, ধারদেনা করে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে ২০ শতক জমিতে টমেটো চাষ করেছিলেন। ওই জমির টমেটো বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব হতো। এ ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন। কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ওই কৃষককে সহযোগিতা করা হবে।
