Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাটমোহরে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

চাটমোহরে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ

নির্যাতিত পরিবার: ছবি যুগান্তর

Advertisement

পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় কয়েক দফা সালিশ-বৈঠক হলেও সমাধান হয়নি। পরে আদালতের দ্বারস্থ হলেও মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্তরা হলেন- শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ আলী, আশরাফুলসহ কয়েকজন। এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন তাদের ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি কেনেন। পরে জমি খাজনা-খারিজ করে সাত বছর আগে সেই জমিতে ঘরবাড়ি তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিছুদিন পর কেনা জমিসংলগ্ন এলাকায় পাকা রাস্তা হওয়ার পর থেকে জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনরা ওই জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকেন জামেনা খাতুনের পরিবারের ওপর। এখন তারা ওই জমি বিক্রির বিষয়টি মানছেন না।

জামেনা খাতুন অভিযোগ করে বলেন, আমার কেনা জমি। দলিলও আছে; কিন্তু এখন তারা জমি দেবে না বলে আমাদের এলাকা ছাড়া করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়ির ওপর এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার অভিযোগ দেওয়ার পর সালিশ হয়েছে; কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করা হয়েছে। 

জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মহির উদ্দিন হলো জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি তাদের (অভিযুক্তদের) নেতৃত্ব দিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে আমাদের ওপর হামলা করতে আসছেন। আমাকে তুলে নিয়ে যাবেন, আমাদের এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে তাকেও মারধর করেছেন তারা।

এ বিষয়ে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব সঠিক আছে; কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হয়ে যাওয়ায় একটি ভালো পজিশন হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনরা ওই জমি বিক্রি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিশ বিচার হয়েছে; কিন্তু কোনো সমাধান হয়নি।

অভিযুক্ত বিএনপি নেতা মহির উদ্দিন বলেন, জামেনা খাতুন জমি কিনেছেন, সেখানে তার কেনা জমিতে বসবাস করছেন, সব ঠিক আছে; কিন্তু আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি আছে তার বাড়ির সঙ্গে। জামেনার মোটরের পানি সেই জমিতে ফেলে। এটা নিষেধ করায় তারা ক্ষিপ্ত। আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিল জামেনার ছেলে সবুজ। এটা নিয়ে সেদিন আমরা শুনতে গিয়েছিলাম তাদের বাড়িতে। এখানে তাদের ওপর হামলা বা কাউকে মারধরও করা হয়নি। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে কিছু করার নেই।

জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, জমি বিক্রি করেছি আমার অংশটুকু। সেই জমি তাদের বুঝিয়ে দিয়েছি, খাজনা-খারিজও তার নামে হয়ে গেছে। সেখানে অনেকদিন ধরে বসবাসও করছেন; কিন্তু আমার আত্মীয়-স্বজনরা তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। কারণ তারা সংখ্যায় অনেক, আমি একা। তাদের নিষেধ করলেও তারা শোনে না। আমি অসহায়।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি বলেন, অভিযোগের বিষয়টি মনে পড়ছে না। তবে যেহেতু আদালতে মামলা চলমান তাই আদালতের মাধ্যমেই তাদের নিষ্পত্তি করতে হবে। সেখানে আইনশৃঙ্খলার অবনতি হলে বিষয়টি পুলিশ দেখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম