আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন
রেজাউল ইসলাম সেলিম, নিয়ামতপুর (নওগাঁ)
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
পানিতে ডুবে যাওয়া খেত থেকে ধান সংগ্রহ করছেন চাষিরা: ছবি যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মঙ্গলবার সকালেই দেখা দিয়েছে সূর্য। আবহাওয়ারও হয়েছে উন্নতি। এরপরও মাঠের সোনালি ফসল নিয়ে কৃষকের দুশ্চিন্তার যেন শেষ নেই । বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে গত তিন দিনে কৃষকের কান্না হয়ে ঝরেছে বৃষ্টির পানি। এতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন আমনের মাঠ ডুবে গেছে। ডুবে যাওয়া আমন মাঠের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন।
নিয়ামতপুর উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, ডুবে যাওয়া মাঠের ধান বাঁচাতে কৃষকের আপ্রান চেষ্টা। কেউ মাঠের পানি বের করছেন। কেউবা মাঠ থেকে ভিজা ধান তুলে আনছেন ডাঙ্গায়। পানি বের করার কোনোরকম উপায় না থাকায় কেউ কেউ সোনালি রৌদ্দুরের অপেক্ষায় সময় গুনছেন।
দেখা গেছে, ক্ষেতের পানি বের করার কোনো সুযোগ না থাকায় শুধু ধানের শীষ কেটে ডাঙ্গায় আনছেন অনেক কৃষক। পানিতেই রেখে দিচ্ছেন মূল্যবান আমনের খড়। মাঠজুড়ে যেন কৃষকের নীরব কান্না আর প্রকৃতির সঙ্গে নির্মমতার লড়াই।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই আমন ধান ঘরে তুলে সরিষা বুনেছিলেন জমিতে। সেই জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক চাষি। কেউবা সরিষা বপন করতে চেয়েছিলেন; কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় সেটাও হচ্ছে না আর। এমন পরিস্থিতিতে কৃষকরা দিশেহারা।
উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘুঘুডাংগা গ্রামের আমন চাষি মুনিরুল ইসলাম জানান, এনজিওর ঋণ ও দেনা-মহাজন করে ১১ বিঘা জমিতে আমনের আবাদ করেছিলেন তিনি। ধানগাছ হয়েছিল বেশ ভালো। ভালো ফলনের সম্ভাবনাও ছিল। তিনি বলেন, আর কয়েকটা দিন পর ধান কাটলে ভালো হতো। কিন্তু ঋণ-মহাজন, সার ও কীটনাশক ডিলারদের পাওনা টাকার চাপে ৬ বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছিলেন তিনি। এ ধান মাড়াই করে ঋণ-মহাজন পরিশোধ করার কথা ছিল । কিন্তু অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে তার।
তিনি বলেন, মাঠের জমি নিচু হওয়ায়, মাঠের সব জমির পানির চাপে ডুবে যায় তার আমনের খেত। ভেসে যায় কাটা ধান। ধান রক্ষা করার সব রকম চেষ্টার পরও চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি।
উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে তার ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান মাড়াই শেষে বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।
তিনি আরও জানান, এই ধান কেটে দুই-এক দিনের মধ্যে সরিষা ও গম আবাদ করতে মনস্থ করেছিলেন। এ অসময়ের বৃষ্টিতে খেত ডুবে যাওয়ায় সেটাও মনে হয় সম্ভব হবে কিনা বুঝতে পারছেন না।
ইকরাপাড়া গ্রামের কৃষক সত্যবান জানান, অসময়ের বৃষ্টিতে তার ৫ বিঘা জমির কাটা আমন ধান দুই দিন পানিতে ডুবে ছিল। এতে ধানের রঙ কিছুটা কালচে রং রূপ নিয়েছে। এ ধান মাড়াইয়ের পর ভালো দাম পাবেন না তিনি। এছাড়াও ওই পাঁচ বিঘা ধানের খড় কম করে হলেও ২৫ হাজার টাকায় বিক্রি করতে পারতেন, যা আর সম্ভব না। তিনি বলেন, এমন দুর্যোগে অনেক বড় ক্ষতি হয়ে গেল তার ও আমন চাষিদের।
আমন চাষিরা আশঙ্কা করছেন, অসময়ের এ বৃষ্টিতে কাটা ধান পানিতে ডুবে ও ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১১২ মেট্রিক টন।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আকভানের প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।
