ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ, ‘বাকিতে’ রফাদফার অভিযোগ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৬ বছর বয়সি এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনা ‘বাকিতে’ এক লাখ ৬০ হাজার টাকায় রফাদফা করার অভিযোগ উঠেছে হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাজধানীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের পিয়ার হোসেন হালদার (৪৫)। বুধবার (২৫ নভেম্বর) ভুক্তভোগী কিশোরী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে চেয়ারম্যান মেয়েটিকে নিজের বাড়িতে রাখেন এবং থানায় খবর দেন। পরে বিকালে অভিযুক্ত পিয়ার হোসেনকে ডেকে এনে বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে মুচলেকার মাধ্যমে বাকিতে এক লাখ ৬০ হাজার টাকায় রফাদফা করেন তিনি।
ভুক্তভোগী কিশোরী জানায়, পিয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে তার যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন পিয়ার হোসেন। পরে গত সোমবার (২৩ নভেম্বর) তাকে মুন্সীগঞ্জে নিয়ে একটি কাগজে স্বাক্ষর করান এবং রাজধানীর একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, ১৬ বছরের একটি মেয়েকে ৪৫ বছর বয়সি পিয়ার হোসেন প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নামে জাল কাগজ বানিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন। ঘটনাটি ধামাচাপা দিতে ইউপি চেয়ারম্যান যে কাজটি করলেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মেয়েটির বাবা থানায় নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ করেছিলেন। চেয়ারম্যানের উচিত ছিল মেয়েটিকে থানা-পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া, যাতে পুলিশ সরাসরি অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নিতে পারে। তা না করে সালিশে বাকিতে এক লাখ ৬০ হাজার টাকায় দফারফা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিয়েছি। পরিবারকে বলেছিলাম, আপনারা চাইলে মামলা করতে পারেন; কিন্তু তারা মামলা করতে রাজি হয়নি। এখানে কোনো মীমাংসা করা হয়নি।
তবে সালিশের নামে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত পিয়ার হোসেন হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের সঙ্গে কথা বলুন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
