চরভদ্রাসনে প্রতিবন্ধী তরুণীকে পরিবারে ফিরিয়ে দিলেন ইউএনও
Advertisement
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম
তরুণীকে উদ্ধার করে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেন ইউএনও জেসমিন সুলতানা
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার থেকে মানসিক প্রতিবন্ধী হোসনেয়ারা বেগম (২১) নামক এক তরুণীকে উদ্ধার করে তার পিতামাতার কাছে ফিরিয়ে দিয়েছেন ইউএনও জেসমিন সুলতানা।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে তাকে উপজেলা সদর বাজার থেকে উদ্ধারের পর বৃহস্পতিবার তাকে ফিরিয়ে দেয়া হয়।
হোসনেয়ারা বেগম মাগুরা জেলার শালিখা উপজেলার দরিশরি ফুলবাড়ী গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বাজারের অলিগলিতে অজ্ঞাত যুবতীকে ঘোরাফেরা করতে দেখে ইউএনওকে খবর দেন স্থানীয়রা। পরে ইউএনওর নির্দেশে তরুণীকে থানা হেফাজতে রাখার পরের দিন সকালে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত পাঁচ বছর আগে দশম শ্রেণিতে পড়া অবস্থায় হোসনেয়ারা বেগম মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। গত ২০ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার রাতে উপজেলা সদর বাজারের গার্লস স্কুল রোডের আবুল কাশেমের ফাস্টফুড দোকানে নাশতা খেতে গেলে তার মানসিক প্রতিবন্ধিতা আঁচ করেন ব্যবসায়ী।
এ সময় স্থানীয় সাংবাদিক সাইফুর রহমান উজ্জ্বলের দৃষ্টিগোচর হলে ইউএনওকে খবর দেন তিনি। পরে ইউএনওর নির্দেশে চরভদ্রাসন থানার মহিলা কনস্টেবল কবিতার হেফাজতে উক্ত প্রতিবন্ধীকে রাখা হয়। ওই রাতেই তার পিতামাকে খবর দেয়া হলে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিবন্ধীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মেয়েকে হাতে পেয়ে প্রতিবন্ধীর মা হাচিনা খাতুন (৪০) জানান, মেয়েকে হারিয়ে আজ চার দিন ধরে পরিবারের কারও চোখে ঘুম নেই, অনেক খুঁজেছি, আল্লাহ রহম করেছে।
