মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে মিছিলে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন নগরীর আকবরশাহ থানার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. পারভেজ।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় নগরীর কর্নেল হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ইসমাইল হোসেন সাগর নামে এক যুবককে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আহত মো. পারভেজ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার খরখরিয়া এলাকার পাটোয়ারী বাড়ির হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে তিনি আকবরশাহ থানার শাহ আমানত আবাসিক এলাকার জাকির হোসেনের বাসায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল মো. পারভেজ। মিছিলটি কর্নেল হাটের ওভারব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। একপর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে ইসমাইল হোসেন সাগর। ঘটনাটি দেখে আশপাশের লোকজন সাগরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তারা পারভেজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় পারভেজ নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আকবরশাহ থানার ওসি মো. নাজের হোসেন যুগান্তরকে বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

