গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২৮
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দুপক্ষে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পালটাধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গোলাগুলিও হয়েছে।
এতে তিনজন গুলিবিদ্ধ ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
গুলিবিদ্ধ তিনজন হলেন-চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান, শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতকে গোপালগঞ্জ ৫০০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের মুখোমুখি হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
