সম্পত্তির দাবিতে সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা, অতঃপর...
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়া এবং শ্বশুরবাড়িতে উঠতে না দেওয়ার অভিযোগে সৌদি প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল নামের এক ব্যক্তির জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে পলাশ থানা পুলিশের হস্তক্ষেপে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মৃত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। গত ২৩ অক্টোবর সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর এক মাস পর সোমবার দুপুরে তার লাশ পলাশে গ্রামের বাড়িতে পৌঁছায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে রাসেলের জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলে এর আগেই তার স্ত্রী ও দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন স্ত্রী শারমিন আক্তার, স্বজন ও স্থানীয় কয়েকজন। তবে মৃতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি।
তাদের দাবি ছিল, সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপর্যায়ে জানাজা ও দাফন আটকে যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে যাওয়ার মতো ঘটনা পলাশ উপজেলায় আগে কখনো ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বগুড়া সদর উপজেলার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের (৩২) সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে রাসেলের পরিবার শারমিনকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন রাসেল। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান রাসেল।
মৃত রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, দীর্ঘ ১১ বছর আগে পরিবারের অমতে ভালোবেসে আমরা বিয়ে করি। বিয়ের পর রাসেল তার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বামীর লাশ দেশে আসার খবর পেয়ে এখানে এলে শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছিলেন না। একপর্যায়ে আমি পিতৃহারা অবুঝ সন্তানদের অধিকারের দাবি তুললে স্থানীয় অনেকেই তাতে সমর্থন দেন। তবে এ বিষয়ে রাসেলের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দেওয়া হচ্ছে—এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তিনি নিজেও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়, মৃত রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এখন থেকে শ্বশুরবাড়িতেই থাকবেন এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাসেলের লাশ দাফন করা হয়।
