গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এতে জেলাটিতে মোট মোতায়েন করা আনসার ব্যাটালিয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে। এ ছাড়া দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি আরও জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল টহল ও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

