সোনারগাঁয়ে কৃষকদের ধান কাটার মেশিন দিলেন এমপি খোকা
Advertisement
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৪:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েই চলছে। বিগত এক মাসে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
এদের মধ্যে মারা গেছে ২ জন। করোনা আতংকে এ উপজেলার লাখ লাখ মানুষ এখন ঘরবন্দি। এ অবস্থায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাধারণ কৃষকরা অর্থিক অস্বচ্ছলতা ও লোকবলের অভাবে তাদের ক্ষেতের পাকা ধান কাটতে বড় ধরণের সমস্যায় পড়েছেন।
বিষয়টি অবগত হওয়ার পর কৃষকের এ সমস্যা নিরসনে ও প্রধানমন্ত্রীর গৃহীত প্রদক্ষেপ বাস্তবায়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বৃহস্পতিবার দুপুরে কৃষকদের ধান কাটার কাটার জন্য ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন উপহার দেন।
দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় কৃষক শুক্কুর আলীর ৪০ শতাংশ জমির ধান কাটার মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এমপির পক্ষে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান হারভেস্টার মেশিনের অানুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু, সাকিব হাসান, মাহবুবুর বরহমান কামাল, নুরুল ইসলাম মেম্বার, ফজলুল হক মাস্টার।
লিয়াকত হোসেন খোকা বলেন, দেশের খাদ্য সংকট নিরসনে কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের উৎপাদিত ধান যদি অর্থের অভাবে আর লোকবলের অভাবে ক্ষেতে নষ্ট হয়ে যায় তাহলে দেশে নিশ্চিত খাদ্য সংকট দেখা দিবে।
করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট দূর করতে আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা ও কৃষকের উৎপাদিত পাকা ধান দ্রুত ঘরে তুলতে কৃষককে সহায়তা করা।
সোনারগাঁ উপজেলার কৃষকদের উৎপাদিত ধান কাটতে যেন সমস্যা না হয় সেজন্য কৃষকদের ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন উপহার দেয়া হয়েছে।
আপাতত এ ৩টি মেশিন দিয়ে নোয়াগাঁও, সনমান্দি ও জামপুর ইউনিয়নের কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটবেন। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার ব্যবস্থা করা হবে।
