শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ বরখাস্ত, ৯০ দিনের মধ্যে নির্বাচন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের বর্তমান কার্যকরী পরিষদ সাময়িকভাবে বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর।
একই সঙ্গে সংস্থাটির কার্যক্রম পরিচালনা এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. খায়রুল ইসলামকে।
৮ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান।
অফিস আদেশে বলা হয়, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের মহাসচিব রেজা করিম ও কার্যকরী পরিষদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
এছাড়া যশোর শিশু হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটি বাতিল এবং বর্তমান ব্যবস্থাপনা কমিটির অর্থ স্থানান্তর নিয়েও অভিযোগ ওঠে।
অভিযোগগুলো তদন্তে গত ২৯ জুলাই দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনায় সংস্থাটির বর্তমান কার্যকরী পরিষদের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(১) ধারা অনুযায়ী কার্যকরী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক ডা. মো. খায়রুল ইসলামকে দায়িত্ব বুঝে নিতে হবে। আদেশে আরও বলা হয়, অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন করতে হবে। তত্ত্বাবধায়ক মণ্ডলী দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে জমা দেবে।
