Logo
Logo
×

নাটক

এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ভাবনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ভাবনা

আশনা হাবিব ভাবনা। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ও কিছু ছবি ঘিরে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এসব নিয়ে ট্রল ও বুলিংয়ের শিকারও হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভাবনা।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভাবনা লেখেন, যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সেটি আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। নাচের পোশাক পরিহিত ওই পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি ভাবনার।

এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যে ছবি ছড়ানো হচ্ছে, তাও একটি ঈদের অনুষ্ঠানের অংশ বলে জানান তিনি। ভাবনা বলেন, পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে তা সবাই দেখতে পারবেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভাবনা জানান, একজন শিল্পী হিসেবে তিনি কখনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেননি। তবুও তাকে বুলিং, অপমানসহ নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নাই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সঙ্গেই কাজ করব। যেমন একজন ব্যাবসায়ী সবার সঙ্গে কাজ করে। যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে।

রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি সেখানে অংশ নেবেন বলেও জানান অভিনেত্রী। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেই দাবি করেন ভাবনা।

ভক্তদের কাছে অভিনেত্রীর অনুরোধ, তাকে যেন কাজ করতে দেওয়া হয়। ছবি আঁকা, কবিতা লেখা এবং অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ চান তিনি।

ভাবনার ভাষায়, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। ছিলোও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দেন। ছবি আঁকতে দেন। কবিতা লিখতে দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম