রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলএফবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চামড়া ও পাদুকা (ফুটওয়্যার) শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং সংকট নিরসনের লক্ষ্য নিয়ে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে চামড়া খাতের সংকট কাটিয়ে উঠতে ১৩ দফা কৌশলগত প্রস্তাব ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলএফবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপি একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়ত না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ এবং আমদানি-রপ্তানিতে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, ‘শিল্পের সব খাত, ট্রেড বডি, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।’
মূল প্রবন্ধ উপস্থাপন করে যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাতাহ আল মঞ্জুর আসিফ বলেন, নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবল ও আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারের কাঙ্ক্ষিত হিস্যা মিলছে না।
জানা গেছে, এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’-তে রূপান্তর এবং শ্রমিক সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের জন্য সহজশর্তে ঋণপ্রাপ্তি ও ব্যবসাবান্ধব নীতিমালার ওপর জোর দেন। এ ছাড়া সহসভাপতি মাওলানা মাহবুবুল হক কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোরবানির চামড়া সংগ্রহ এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণ দিতে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইএলইটির অধ্যাপক ড. সবুর আহমেদ, লেটস-বি’র প্রেসিডেন্ট মোহাম্মদ অভি, চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খানসহ অনেকে।
এ ছাড়া বক্তব্য রাখেন স্টেপ ফুটওয়্যারের সিইও শামিম আমিনুল, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএটিভির বার্তা সম্পাদক টি সালাউদ্দিন আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরিফুল্লাহ।

