বৃষ্টির অজুহাতে সবজির দাম ফের চড়া
বেঁধে দেওয়া মূল্যে মিলছে না ভোজ্যতেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরবরাহ পর্যাপ্ত থাকলেও বৃষ্টির অজুহাতে ফের বেড়েছে সবজির বাজার। দুই সপ্তাহ আগে শীতের সবজির দাম কমতে শুরু করলে কিছুটা স্বস্তি এসেছিল। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। বিক্রেতাদের কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে সপ্তাহের ব্যবধানে আবারও বাড়তি দাম। অন্যদিকে বৃহস্পতিবার সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে সেই নির্দেশনা মানা হচ্ছে না। নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৮ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। খোলা পাম তেল কিনতেও লিটারপ্রতি ৯ থেকে ১০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। মাছ-মাংসের বাজারেও কমেনি আগের বাড়তি দাম। ফলে শুক্রবার ছুটির দিনে সাপ্তাহিক বাজার করতে এসে নিত্যপণ্যের বাড়তি দামে নাকাল সাধারণ মানুষ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৯০-১৯৬ টাকায়। আর খোলা পাম তেল বিক্রি হয় সর্বোচ্চ ১৭৫ টাকা। এক্ষেত্রে খোলা সয়াবিন তেলে লিটারে ৮ টাকা ও খোলা পাম তেলে লিটারপ্রতি বিক্রেতারা ৯-১০ টাকা বাড়তি দরে বিক্রি করছে। তবে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে লিটারে ২০৭ টাকায় বিক্রি হয়েছে।
এই বাড়তি দরের চিত্র সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের দৈনিক খুচরা বাজারে মূল্য তালিকায়ও দেখা গেছে। সরকারি এই সংস্থা তাদের পর্যালোচনায় বলছে, বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলে লিটারে ১০.২৯ শতাংশ দাম বেড়েছে। একই সময় বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৭.০৯ শতাংশ। পাশাপাশি বছরের ব্যবধানে খোলা পাম তেল বিক্রি হচ্ছে ৯.৯৪ শতাংশ বেশি দামে। লিটারে পাম তেল সুপারের দাম বেড়েছে ১১.২৫ শতাংশ।
রাজধানীর কাওরান বাজারে মুদি দোকানে ভোজ্যতেল কিনতে এসেছেন আমান উল্লাহ। তিনি যুগান্তরকে বলেন, গত কয়েক বছর ধরেই সয়াবিন তেলের দাম হু হু করে বেড়েছে। বাজারে সঠিক মনিটরিং দরকার। অসাধুদের ধরে কঠোর শাস্তির আওতায় আনা দরকার।
শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা কেজিপ্রতি ১০০-১২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১৪০-১৬০ টাকা, শিম ১০০-১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, হাইব্রিড শসা ১০০ টাকা, দেশি শসা কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, মাঝারি আকারের প্রতি পিস ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০-৫০ টাকা, কচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম ৮০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নয়াবাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ আল সাইদ যুগান্তরকে বলেন, শীত কেবল শুরু হচ্ছে। বাজারেও শীতের সবজিতে ভরপুর। কিন্তু দাম এখনো হাতের নাগালে নেই। গত দুই সপ্তাহ আগে দাম কিছুটা কমতে শুরু করেছিল। ভেবেছিলাম সবজিতে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু ছুটির দিন বাজারে এসে দেখি দাম কিছুটা ফের বেড়েছে।
একই বাজারের সবজি বিক্রেতা জাহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবজির সরবরাহ কিছুটা কমেছে। তাই পাইকারি বাজারে দাম বাড়ানো হয়েছে। বাড়তি দামে এনে আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বাইলা ৩২০, ছোট পাঙাশ ২০০ এবং বড় পাঙাশ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি কাতলা আকারভেদে ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ছোট চিংড়ি ৬০০-৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর সোনালি মুরগি কিনতে ক্রেতার কেজি প্রতি ৩৩০ টাকা খরচ করতে হচ্ছে। সঙ্গে প্রতি কেজি গরুর মাংস ৮০০-৮৫০ ও খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৪০ টাকায় বিক্রি হলেও পাড়া-মহল্লার মুদি দোকানে ১৪৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
