Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (২)

প্রকল্প আছে সুফল নেই

Icon

নেসারুল হক খোকন, খুলনা থেকে ফিরে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরবন রক্ষায় গত ৫ বছরে ছয়টি প্রকল্পে প্রায় ২৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বাঘের আবাসস্থল সংরক্ষণ, স্মার্ট পেট্রোলিং, বিকল্প কর্মসংস্থান ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণের মতো নানা উদ্যোগ নেওয়া হলেও বনের অপরাধ চিত্র বদলায়নি। নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুট, বন্যপ্রাণী নিধন ও বনদস্যুদের দৌরাত্ম্য চলছেই। এর মধ্যেই বনের ইকোসিস্টেম শক্তিশালী করা ও অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশ্বব্যাংকের অর্থায়নে আরও প্রায় ৭০০ কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, মানচিত্রে ৩ লাখ ১৭ হাজার ৯৫০ হেক্টর বনাঞ্চল অভয়ারণ্য হিসাবে সংরক্ষিত। বাঘ ও ডলফিন রক্ষায় রয়েছে মহাপরিকল্পনা। চারটি রেঞ্জে ১৬টি স্টেশন ও ৬৪টি টহল ফাঁড়ি দিয়ে চলছে বন বিভাগের কার্যক্রম। এরপরও মাঠপর্যায়ের নজরদারি অত্যন্ত দুর্বল। খোদ খুলনা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যুগান্তরকে বলেন, শতকোটি টাকার প্রকল্প, অভয়ারণ্য ঘোষণা ও বিপুল অবকাঠামোর সুফল কোথায়? বনের কোনো কর্মকর্তাকে রাতে টহল দিতে দেখা যায় না। এ নিয়ে কথা বললেই তারা নানা অজুহাত দেখান। তাহলে বনের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাজটা কী? প্রকল্প বানানো আর ব্যয় করা?

এসব বিষয়ে জানতে চাইলে খুলনার (পশ্চিম) বিভাগীয় বন কর্মকর্তা এজেএডএম মো. হাছানুর রহমান যুগান্তরকে বলেন, সুন্দরবনকেন্দ্রিক বর্তমানে নতুন কোনো প্রকল্প নেই। অতীতে ‘সুরক্ষা প্রকল্প’ ও ‘বাঘ সংরক্ষণ প্রকল্প’ নামে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকলেও সেগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, আমার দেড় বছরের সময়ে ৫ কোটি টাকা খরচ করেছি। প্রকল্পের অন্য হিসাব আমি জানি না। তবে বিভিন্ন খাতে প্রকল্প নেওয়া হলেও জনবল ও আধুনিক লজিস্টিকস সমৃদ্ধ কোনো প্রকল্প নেওয়া হয়নি।

প্রকল্পের অর্থ বরাদ্দ ও ব্যয়ের বিপরীতে বনের অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন না এলে নতুন বিনিয়োগের কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে? জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সবার আগে প্রয়োজন সুন্দরবন রক্ষায় যারা নিয়োজিত তাদের সমৃদ্ধ করা। সক্ষমতা অর্জন করতে পারলে জবাবদিহিও দৃশ্যমান হবে।

বনবিভাগ সূত্র জানায়, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত সুন্দরবনকেন্দ্রিক ছয়টি সমন্বিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ২৯৫ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’। এর মোট প্রাক্কলিত ব্যয় ১৫৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকা। খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার ৩৯টি উপজেলায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্দেশ্য ছিল বনের জলজ ও স্থলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, স্মার্ট পেট্রোলিং জোরদার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এসব কার্যক্রম কতটা টেকসই হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে কী ধরনের পরিবর্তন এসেছে, তার ফলাফলভিত্তিক মূল্যায়ন জরুরি, বলছেন অনেকে।

বাঘ সংরক্ষণে প্রায় ৩৬ কোটি টাকা : সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়িত হয় ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। প্রকল্পের আওতায় আধুনিক ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা ও সরঞ্জাম কেনায় ব্যয় হয় প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা। লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে বনের সীমানায় ৬০ কিলোমিটার নাইলনের বেড়া নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বন্যপ্রাণী রক্ষায় বনের ভেতরে উঁচু মাটির টিলা ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়। বাঘের রোগব্যাধি এবং ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস নিয়েও গবেষণার উদ্যোগ ছিল প্রকল্পে। এত অর্থ ব্যয়ের পর বাঘের আবাসস্থল কতটা নিরাপদ হয়েছে, লোকালয়ে বাঘের প্রবেশ ও মানুষের সঙ্গে সংঘাত কতটা কমেছে এবং নির্মিত অবকাঠামো বর্তমানে কতটা কার্যকর রয়েছে; এসব বিষয়ে প্রকল্প-পরবর্তী মূল্যায়ন প্রয়োজনীয়তার কথা বলেছেন একাধিক বনকর্মী।

ইকো-ট্যুরিজমে ২৫ কোটি টাকা : করমজল ও কটকার মতো পুরোনো পর্যটনকেন্দ্রগুলোর ওপর চাপ কমাতে ২০২১ থেকে ২০২৪ অর্থবছরে ‘পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে বন অধিদপ্তর। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ২৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় সুন্দরবনের আলীবান্ধা, আন্ধারমানিক, শেখেরটেক ও কৈলাশগঞ্জে চারটি নতুন ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার তথ্য রয়েছে।

নতুন করে বিশ্বব্যাংকের ৭০০ কোটি : দেশীয় অর্থায়নের প্রকল্পগুলোর পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নও যুক্ত হচ্ছে সুন্দরবন সংরক্ষণে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার ও ফ্রান্সের যৌথ সহায়তায় আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ‘ক্লাইমেট রেজিলিয়েন্স ইন দ্য সুন্দরবনস (ক্রিস)’ শীর্ষক প্রকল্পের কাজ শুরু করে। এর আওতায় জলবায়ু ঝুঁকি নিরূপণ এবং করমজল ইন্টারপ্রিটেশন সেন্টার আধুনিকায়নের কাজ চলছে। অন্যদিকে সুন্দরবনের ইকোসিস্টেম শক্তিশালী করা এবং শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশ্বব্যাংকের ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তায় চার বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাবিত এ প্রকল্পের অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকার বেশি।

সংরক্ষিত বন ৩ লাখ হেক্টরের বেশি : সুন্দরবনের সরকারি মানচিত্র ও সংরক্ষণবিষয়ক প্রকাশনার তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে তিনটি এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। তখন এসব এলাকার মোট আয়তন ছিল ১ লাখ ৩৯ হাজার ৭০০ হেক্টর, যা সুন্দরবনের প্রায় ২৩ দশমিক ২৫ শতাংশ। পরে ২০১৭ সালে অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণ করা হয়। এতে সংরক্ষিত এলাকার আয়তন বেড়ে দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার ৯৫০ হেক্টর, যা সুন্দরবনের অর্ধেকের বেশি। মানচিত্রে বিশ্ব ঐতিহ্য এলাকার আয়তন দেখানো হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৯৯ হেক্টর। এ এলাকাটি সম্প্রসারিত অভয়ারণ্যের হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত।

বাঘ-ডলফিন রক্ষায় মহাপরিকল্পনা : সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় রয়েছে একাধিক পরিকল্পনা ও উদ্যোগ। বাঘ সংরক্ষণে প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান ২০১৮-২০২৭। বাঘ ও মানুষের সংঘাত কমাতে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গঠন করা হয়েছে ৮৪টি ভিলেজ টাইগার রেসপন্স টিম। এ ছাড়া বন্যপ্রাণী উদ্ধার ও প্রজননকেন্দ্র স্থাপন, ডলফিন সংরক্ষণে বিশেষায়িত দল গঠন এবং বন অপরাধ পর্যবেক্ষণে স্থানিক পর্যবেক্ষণ ও প্রতিবেদন পদ্ধতি (স্মার্ট) চালুর কথা বলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা

জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা

হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

বৃষ্টির অজুহাতে সবজির দাম ফের চড়া বেঁধে দেওয়া মূল্যে মিলছে না ভোজ্যতেল

বেঁধে দেওয়া মূল্যে মিলছে না ভোজ্যতেল

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (২) প্রকল্প আছে সুফল নেই

প্রকল্প আছে সুফল নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম